জাতীয়
তেজগাঁওয় কার্যালয়ে গিয়ে মায়ের পুরোনো কর্মীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অফিস করেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস, এর আগে দুই দিন তিনি বাংলাদেশ সচিবালয়ে কাজ করেন।
শনিবার সকালে সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নিজের মূল ভবনে ঢোকার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাদের সঙ্গে আলাপচারিতা করেন।
কার্যালয়ে প্রবেশের পরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। এছাড়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) সংবাদ ব্রিফিংয়ে জানান, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা কার্যকর করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।