জাতীয়

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ আজ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেবেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

এবার একুশে পদক–২০২৬ পাচ্ছেন দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

একুশে পদক–২০২৬ প্রাপ্তরা

অভিনয়: ফরিদা আক্তার ববিতা

চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার

স্থাপত্য: মেরিনা তাবাসসুম

সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু

নৃত্য: অর্থী আহমেদ

পালাগান: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতা: শফিক রেহমান

শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্য: তেজস হালদার জস

সংগীত (প্রতিষ্ঠান): ওয়ারফেজ

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় সম্মাননা এবং স্বাধীনতা পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদসহ সমাজের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯৭৬ সাল থেকে নিয়মিতভাবে এ পদক প্রদান করা হচ্ছে।

এবারের একুশে পদক প্রদান অনুষ্ঠানও ভাষা, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।