জাতীয়
জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় প্রধানমন্ত্রীর
শুক্রবার রাজধানীর বনানীতে নৌ বাহিনীর সদর দফতরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তিনি নিয়মিত এই মসজিদে জুমার নামাজ আদায় করে আসছেন। মসজিদের মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন তার সহধর্মিনী জুবাইদা রহমান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে বেরিয়ে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে হাত মেলান এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। এক শিশু সরলভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “আংকেল, আপনি রোজা রাখেন?” জবাবে তিনি হাসিমুখে বলেন, “আমি? আমি তো রোজা রাখি।” এরপর শিশুদের উদ্দেশে তিনি জানতে চান, “তোমরা রোজা রাখো?” জবাবে শিশুরা একসাথে বলেন, “আমরাও রোজা রাখি।”
এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলেন, “আংকেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।” প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, “তাই।” অপর পাশ থেকে আরেক শিশু বলেন, “আংকেল, আমি সবগুলো রোজা রেখেছি।” প্রধানমন্ত্রী স্নেহময়ভাবে তার মাথায় হাত বুলিয়ে বলেন, “ভেরি গুড।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আনন্দঘন পরিবেশে কিছু সময় কাটান। শিশুদের সঙ্গে হাত মেলানো ও স্নেহময় আচরণে তারা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বের হলে প্রধানমন্ত্রী শিশুদের কাছে বিদায় নেন এবং বলেন, “আল্লাহ হাফেজ।” শিশুরা জবাবে বলেন, “আংকেল, আমাদের জন্য দোয়া করবেন।” এরপর প্রধানমন্ত্রী হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়ির দিকে যান।