জাতীয়

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু করেছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু করেছে সরকার
আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সহায়তায় হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসী সমস্যায় পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যেসব বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সরকারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর রাখছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।