জাতীয়
হাদি হত্যায় গ্রেপ্তার আসামিদের দেশে আনার কাজ চলছে: আইজিপি
ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে বাংলাদেশে দ্রুত ফেরত আনার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, “হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, তাদের দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি আরও বলেন, পুলিশে দুর্নামের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে পদোন্নতি বা পদায়নে কোনো স্বজনপ্রীতি হবে না। তিনি উল্লেখ করেন, “সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা থাকবেন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পুলিশ কার্যক্রমে কেউ অতিরিক্ত উৎসাহী হবে না, ন্যায়বিচারে কাজ করবে।”
আইজিপি মো. আলী হোসেন ফকির সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের একটি সন্ত্রাসী তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তালিকার ভিত্তিতে শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করা হবে, যাতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।