জাতীয়

ভিজিটর ভিসা অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা, সতর্ক করল মার্কিন দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

ভিজিটর ভিসা অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা, সতর্ক করল মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, এই ভিসা ব্যবহার করে দত্তক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হতে পারে।

সোমবার প্রকাশিত ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় মার্কিন দূতাবাস এ সতর্কবার্তা দেয়। বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন, পারিবারিক সফর বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়। এই ভিসা ব্যবহার করে শিশু দত্তক নেওয়ার চেষ্টা করা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার শামিল।

দূতাবাস আরও জানায়, দত্তক গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট আইনগত পদ্ধতি রয়েছে, যা আন্তর্জাতিক চুক্তি ও অভিবাসন আইনের আওতায় পরিচালিত হয়। সেই নিয়ম না মেনে ভিজিটর ভিসার মাধ্যমে দত্তক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করলে তা বিভিন্ন আইনি জটিলতা তৈরি করতে পারে।

বার্তায় বলা হয়, কেউ যদি জেনেশুনে দত্তক গ্রহণের উদ্দেশ্যে বি১/বি২ ভিসার জন্য আবেদন করেন এবং প্রকৃত উদ্দেশ্য গোপন করেন, তবে সেটি ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে। এমন ক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া কঠিন হয়ে যেতে পারে বা স্থায়ীভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিও থাকে।

এ কারণে যুক্তরাষ্ট্রে শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে চলার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।