জাতীয়
জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের একক সম্পত্তি মনে করছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে।
আজ সোমবার (০৯ মার্চ) বেলা ১১টার সময় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।” এ সময় তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে আনা হবে।
আইজিপি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ইতিমধ্যেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা হবে। সিআইডি আধুনিকীকরণের মাধ্যমে তদন্তের মান বাড়িয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে। পুলিশের সেবা এমনভাবে পৌঁছে দিতে হবে যাতে থানায় আসা মানুষ হাসিমুখে ফিরে যায় এবং পুলিশের বিরুদ্ধে কমপ্লেইন না থাকে। রিঅ্যাকশন টাইম কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
আইজিপি যোগ করেন, “গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান অঙ্গীকার। তাই স্বাভাবিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে।”