জাতীয়

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার   


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার   
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু। 

আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আলোচনায় রেহানা আক্তার বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে দেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে ১১ জন নিহত হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘তারা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছেন। তারা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।