জাতীয়

দীর্ঘ ১৭ বছর পর দেশে কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি সত্যিকারের কার্যকর সংসদ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, গণমাধ্যমের শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও সমৃদ্ধ হবে এবং এর প্রতি জনগণের আস্থা বাড়বে।

তিনি তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অতীতে বেশ কয়েকটি সংসদে দায়িত্ব পালন করলেও সেই সময়ের কিছু অভিজ্ঞতা ছিল বিব্রতকর। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের কথা উল্লেখ করে তিনি বলেন, তখন নানা অনিয়মের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা ঘটত। কখনো একজন নির্বাচিত হওয়ার খবর শোনা গেলেও সংসদে অন্য কাউকে দেখা যেত।

স্পিকার আরও বলেন, দীর্ঘদিন এমন অভিজ্ঞতার পর এবার একটি প্রকৃত সংসদ পাওয়া গেছে। ১৯৯১ সালের সংসদের মতো বর্তমান সংসদও কার্যকর বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এবারের নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক, যার ফলে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। জনগণের সেবা করাই এখন সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিপিজেএ সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যসহ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।