জাতীয়
পবিত্র হজ পালন শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি
পবিত্র হজ পালন শেষে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে ১৮৮টি ফিরতি ফ্লাইটে মোট ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন।
শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, হাজিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২৩ হাজার ১৪৯ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৯৬৭ জন এবং অন্যান্য বিশেষ ফ্লাইটে ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাকি হাজিরাও পর্যায়ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরবেন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ চলাকালে ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সহায়তা প্রদান করেছে।
গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রা শুরু হয় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিস জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।