জাতীয়
ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার
রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী আব্দুস সালাম। তবে দায়িত্ব পালনের পাশাপাশি তার একটি নীরব অভ্যাস ছিল—প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা।
এই দৃশ্য প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি। তার এই ভালোবাসা ও শুভেচ্ছার স্বীকৃতি হিসেবে আব্দুস সালামের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার (০৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ী ঘাট এলাকায়। অর্থনৈতিক সংকটের কারণে গত আট মাস ধরে তিনি রাজধানীর পুরাতন রমনা থানার সামনে একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে না পারায় এই পেশায় আসেন। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার সময় প্রতিদিনই বুথের সামনে ধানের শীষ হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তার এই আন্তরিকতা ও ভালোবাসা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পরে তাকে খুঁজে বের করে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, “আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট কাজ প্রধানমন্ত্রীর নজরে পড়বে। তিনি আমার জন্য উপহার পাঠাবেন, এটা ভাবতেও পারিনি।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই তাকে সালাম দিই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মতো একজন সাধারণ মানুষকে তিনি স্মরণ করেছেন—এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।”