জাতীয়
মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসাবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গতকাল সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সরকারের বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। কুচকাওয়াজে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও বিভিন্ন কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সকালে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে শুরু হওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্টে’র আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান।
এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরিফ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে পরররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির সবুজায়ন সম্প্রসারণে প্রেসিডেন্ট মুইজ্জুর উদ্যোগের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতের ময়দানে বিপুলসংখ্যক নিম গাছ রোপণের বিষয়টিও স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, বর্তমানে গাছগুলো ‘জিয়া ট্রিজ’ নামে পরিচিত।