জাতীয়
এক দেশের সাথে সম্পর্ক নষ্ট করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়াবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, একজন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন—এ ধরনের নীতি বাংলাদেশ অনুসরণ করে না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাই সরকারের লক্ষ্য।
আজ বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. খলিলুর রহমান বলেন, “কূটনীতিতে আমরা আন্দাজের ভিত্তিতে কাজ করি না, বাস্তবতার ভিত্তিতে কাজ করি। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয় না।”
তিনি আরও বলেন, “কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়। একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা—আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গেই নিজেদের স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং সেই স্বার্থকে এগিয়ে নিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সফর অত্যন্ত ইতিবাচক হয়েছে। একইভাবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী ভারত সফর করলে সেটিও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের সম্পর্ক শুধু একটি দেশের সঙ্গে নয়, বহু দেশের সঙ্গে। এটি স্ত্রী-সতিনের সম্পর্ক নয়; এটি জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত সম্পর্ক। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই আমরা এগিয়ে যাব।”