জাতীয়

‘যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

‘যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’
ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না। তিনি বলেন, বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিত শহীদ আবু সাঈদের ছবি অনুপস্থিত থাকা অত্যন্ত দুঃখজনক।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং এখন ৮২ বছর বয়সেও দেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে স্থায়ী করতে প্রয়োজনে আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত।

জাতীয় অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সমালোচনা করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন হট্টগোল দুঃখজনক ও লজ্জাজনক। তিনি জানান, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং এজন্য আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে। তবে এ ধরনের বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করা উচিত নয়।

জুলাই যোদ্ধাদের অধিকার প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। যদি অধিকার আদায়ে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তবে তা অত্যন্ত লজ্জাজনক।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের কল্যাণে কাজ করা।