জাতীয়
সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২.৩ মেট্রিক টন কাঁদুনে গ্যাস আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন কাঁদুনে গ্যাসের একটি চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে নেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, সেনাবাহিনীর ব্যবহারের জন্য আনা কাঁদুনে গ্যাসের গোলার চালানটি বন্দরে পৌঁছানোর পর দ্রুত শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়।
তিনি জানান, চালানটি আপাতত যশোর সেনানিবাসে সংরক্ষণ করা হবে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকার গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নেওয়ার কথা রয়েছে।
চালান পরিবহনের পুরো প্রক্রিয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বেনাপোল স্থলবন্দর থেকে শার্শা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এরপর শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।