জাতীয়

৭ এএসপি ও ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

৭ এএসপি ও ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
ছবি: সংগৃহীত

জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। তাঁদের মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন এবং পুলিশ পরিদর্শক (ওসি) পদমর্যাদার ৪৯ জন রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো সাত এএসপি হলেন—র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপন জারির পর থেকেই সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।