জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে টাইগাররা। এমন গৌরবময় জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিওকলে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।

এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ডারউইনে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে এবং পুরো একদিন বাকি থাকতেই জয় নিশ্চিত করে সফরকারী বাংলাদেশ।