জাতীয়
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে এগোচ্ছে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তি
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে এ সংক্রান্ত খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় জে-১০ যুদ্ধবিমানের ভূমিকার বিষয়টি এখন প্রতিষ্ঠিত।
তিনি বলেন, রাফালকে সাড়ে চার প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে জে-১০ ভালো সক্ষমতা দেখিয়েছে। এ কারণে বাংলাদেশ চীনের এই বহুমুখী যুদ্ধবিমানের দিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং এ বিষয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
যুদ্ধবিমানের দাম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, একই ধরনের সক্ষমতার রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুনের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে অনেক কম। ফলে সক্ষমতা ও ব্যয়ের দিক বিবেচনায় জে-১০সিই নিয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে।