জাতীয়
রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি পুনর্গঠন
রোহিঙ্গা প্রত্যাবাসনকে সামনে রেখে জাতীয় কর্মকৌশল প্রণয়নের জন্য কমিটি পুনর্গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পুনর্গঠিত এই কমিটি রোহিঙ্গা প্রত্যাবাসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করবে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পুনর্গঠিত কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা রয়েছেন।
এ ছাড়া কমিটিতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ কর্মকর্তা, পুলিশ মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক সদস্য হিসেবে থাকবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি রোহিঙ্গা প্রত্যাবাসনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি আন্তঃসংস্থা কার্যক্রম বাস্তবায়ন তদারকি করবে। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি ও দায়িত্ব নির্ধারণ করবে।
প্রধান সমন্বয়কের সরাসরি তত্ত্বাবধানে জাতীয় কর্মকৌশল প্রণয়নের জন্য সদস্যসচিব একটি পর্ষদ গঠন করবেন। ওই পর্ষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাতীয় কর্মকৌশল প্রণয়ন করবে।
আগামী ৯০ দিনের মধ্যে কর্মকৌশল প্রণয়ন করে তা কমিটির কাছে উপস্থাপন করতে হবে।
কমিটিকে সহায়তা করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সীমান্তবিষয়ক পরিচালক এবং সামাজিক স্থিতিশীলতা গোয়েন্দা ব্যুরোর পরিচালক।