জাতীয়

৩৯ সংসদীয় কমিটির কোনোটিতেই সভাপতি নেই বিরোধী দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

৩৯ সংসদীয় কমিটির কোনোটিতেই সভাপতি নেই বিরোধী দল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি সংসদীয় স্থায়ী কমিটির একটিরও সভাপতির দায়িত্ব বিরোধী দলের কোনো সদস্যকে দেওয়া হয়নি। সব কটি কমিটির সভাপতির পদ পেয়েছেন সরকারি দলের জোটের নেতারা।

তবে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে। মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলোর বাইরে এটি বিরোধী দলের পাওয়া গুরুত্বপূর্ণ একটি সভাপতির পদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, জনপ্রশাসন এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত চারটি কমিটি গঠনের মধ্য দিয়ে সংসদীয় কমিটি গঠনের কাজ শেষ হয়।

জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের কোনো সদস্যের পাওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার ওই কমিটির সভাপতি করা হয়েছে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে।

এদিন চিফ হুইপ বাকি থাকা চারটি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব পৃথকভাবে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে।

সভাপতির পদ নিয়ে বিরোধী দলের ক্ষোভ

কমিটি গঠনের পর জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দলকে কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতির পদ দেওয়া হয়নি।

এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও কমিটির সভাপতি পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

সদস্য বণ্টন নিয়েও আপত্তি

কমিটির সদস্য বণ্টন নিয়েও আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, কমিটিগুলোতে সদস্য বণ্টনের ক্ষেত্রে বিরোধী দলের দেওয়া তালিকা অনুসরণ করা হয়নি।

তিনি জানান, শুরুতে প্রতিটি কমিটিতে তিনজন করে সদস্য দেওয়ার দাবি জানিয়েছিল বিরোধী দল। পরে সরকারি দলের পক্ষ থেকে ২৬ শতাংশ প্রতিনিধিত্বের কথা বলা হয়।

নাহিদ ইসলামের অভিযোগ, তাদের দেওয়া তালিকায় কোন মন্ত্রণালয়ের কমিটিতে কতজন বিরোধী দলের সদস্য থাকবেন, তা উল্লেখ থাকলেও চূড়ান্ত বণ্টনে তা পরিবর্তন করা হয়েছে। কোথাও দুজন, কোথাও তিনজন এবং কোনো কোনো কমিটিতে চারজন বিরোধী দলের সদস্য রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। পরবর্তী অধিবেশনে এসব সংশোধনের দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।

বিরোধী দলের অভিযোগের জবাবে চিফ হুইপ বলেন, ২৬ শতাংশ প্রতিনিধিত্বের হিসাব করেই সদস্য বণ্টন করা হয়েছে। তবে কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করে তা সংশোধনের আশ্বাস দেন তিনি।

চিফ হুইপ-হুইপকে সভাপতি করা নিয়ে স্পিকারের প্রশ্ন

সংসদীয় কমিটির সভাপতি হিসেবে চিফ হুইপ ও সরকারি দলের হুইপকে দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে দুটি কমিটির সভাপতি করার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী বিভাগকে আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু নির্বাহী বিভাগের কেউ যদি নিজেই কমিটির সভাপতি হন, তাহলে তিনি কার কাছে জবাবদিহি করবেন—এ প্রশ্ন থেকেই যায়।

এর আগে মঙ্গলবারও স্পিকার বলেছিলেন, সংসদীয় ব্যবস্থার মূল চেতনা হলো বেসরকারি সদস্যরা সংসদীয় কমিটির সভাপতি হবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী কমিটির সদস্য হিসেবে থাকবেন।

ভবিষ্যতে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় সংসদীয় গণতন্ত্রের এই মূল চেতনা বিবেচনায় রাখার জন্য চিফ হুইপকে পরামর্শ দেন স্পিকার।