জাতীয়
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ, রক্তপাত ও সন্তানদের প্রাণের বিনিময়ে দীর্ঘদিনের লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার দ্রুত দেশকে একটি ভগ্নস্তূপ থেকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছে।
মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করেন, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্র পেয়েছি। এখন সেটিকে রক্ষা করাই সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব। সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হওয়া উচিত গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। একই সঙ্গে সংসদকে কার্যকর করে জনগণের স্বার্থে যথাযথভাবে কাজ করতে হবে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে আলোচনা ও সংলাপের মাধ্যমে এসব মতপার্থক্যের সমাধান সম্ভব।
রাষ্ট্রপতি আরও বলেন, অতীতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, আর আগামী দিনের লড়াই হবে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ গড়ে তোলার বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু বিভিন্ন সময়ে বাধার মুখে পড়েছে। এখন যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই অবহেলায় হারানো যাবে না।
সিলেটের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এসব সমস্যা নিয়ে কাজ করছেন। এরই মধ্যে বেশ কিছু বড় কাজ সামনে এসেছে। এসব কাজ এগিয়ে গেলে সিলেটবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।