জাতীয়

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী 
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া, আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা। সবকিছু এক তালে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল আউয়াল মিন্টু। সভায় আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন হওয়া দরকার। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে ছেলেমেয়েরা অর্থবহ জীবন কাটাতে পারে।

দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, দুর্নীতি কে করে তা তিনি জানেন না। তবে সমাজে দুর্নীতি হয়। কেউ দুর্নীতি করতে চাইলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই তা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে মন্ত্রী বলেন, কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিলে তা সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই নিতে হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, যতক্ষণ দুর্নীতি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হয়, ততক্ষণ এ বিষয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সবসময় থাকবে, তবে তা কমানো বা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রতিরোধ করাই প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ অনেকে।