জাতীয়

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করা হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর বিষয়টি জানা যায়।

তবে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হলো।

এদিকে বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।