জাতীয়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনের মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার অসুস্থতার খবর জানতে পেরে বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা পরবর্তী অবস্থারও খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার ১৬ সেপ্টেম্বর আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। সেখানে তিনি জেসমিন আকতারের অপারেশন পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নেন।

একই দিন মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় যায়। তারা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তাও তার কাছে পৌঁছে দেওয়া হয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ অনেকে।

এদিকে চিকিৎসকরা জেসমিন আকতারের চিকিৎসার বিষয়ে প্রতিনিধিদলকে সার্বিক তথ্য জানান। একই সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ অনেকে।

উল্লেখ্য, চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।