জাতীয়
গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে স্পিকারের চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সোমবার ২১ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গাজী মোহাম্মদ নজরুল ইসলাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আগেই জানিয়েছে। তবে স্পিকারের কাছ থেকে নির্বাচন কমিশনে এখনো কোনো চিঠি আসেনি।
তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে স্পিকারের চিঠি পাওয়ার বিধান রয়েছে। সেই চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্পিকারের চিঠি ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি কোনো দায়িত্ব নেই।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মীদের পরিচয়পত্র পরিবর্তনের কথাও জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, মাঠপর্যায়ের কর্মীদের বর্তমান লেমিনেটেড কার্ডের পরিবর্তে প্রধান কার্যালয়ের মতো প্লাস্টিকের পরিচয়পত্র দেওয়া হবে। রাজস্ব, উন্নয়ন, আউটসোর্স ও দৈনিক ভিত্তিতে কর্মরত সব শ্রেণির কর্মীদের জন্য নতুন এই পরিচয়পত্র প্রযোজ্য হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, কমিশন সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী কমিশন সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার সভার দিনক্ষণ নির্ধারণ করবেন। সূত্র: বাসস