জাতীয়
পুলিশের চার এসপি-ডিসিকে বদলি
বাংলাদেশ পুলিশের চারজন পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে বদলির আদেশ কার্যকর হবে।