সারাবিশ্ব
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ বেসামরিক নাগরিক
আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত ও ভোরে চালানো এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।
আফগান বার্তা সংস্থা খ্যামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার প্রদেশের নুরগাল জেলায় রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। পাটান গ্রামের একটি বাড়িতে চালানো ওই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরও কয়েকজন।
এর প্রায় দেড় ঘণ্টা পর পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। তালেবান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তোর কান্দি এলাকার একটি পরিত্যক্ত দোকান এবং রাখায় একটি পরিত্যক্ত বাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল পর্যন্ত এসব হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার পর জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, যাদের পাকিস্তান ফিতনা আল-খাওয়ারিজ নামে উল্লেখ করে, আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
তবে পাকিস্তানের এই অভিযোগ বারবার অস্বীকার করেছে তালেবান সরকার। কাবুলের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর সুযোগ কাউকে দেওয়া হচ্ছে না।