ক্যাম্পাস

ছয়তলা ভবন থেকে লাফ, লাইফ সাপোর্টে থাকা ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

ছয়তলা ভবন থেকে লাফ, লাইফ সাপোর্টে থাকা ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইবনাতের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চানগাঁও এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

ইবনাতের মৃত্যুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর তিনি একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন।