সারাদেশ

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর আসামিকে পাঠানো হবে কিশোর সংশোধনাগারে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর আসামিকে পাঠানো হবে কিশোর সংশোধনাগারে
ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন।

অপর দুই আসামি তুহিন ও সিয়ামের বয়স ১৯ বছর। তাদের কুমিল্লা কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে সিয়ামকে এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, অপ্রতিম হত্যা মামলার চার আসামিকে পুলিশ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। দুই কিশোর আসামিকে সোমবার গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মরদেহ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

১৩ বছর বয়সী অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। পরে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।