সারাদেশ
কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে দা দিয়ে মা ও ৮ মাস বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন নামে ২৪ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম, বয়স ৬২ বছর, এবং তার ৮ মাস বয়সী নাতনি। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ইমনের বড় ভাবি রাবেয়া বেগম। তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শামীম আহসান জানান, সকালে ওই বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। পরে ঘরের মেঝেতে পেয়ারা বেগম এবং খাটের ওপর রক্তাক্ত অবস্থায় শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় স্থানীয়রা ইমনকে ধাওয়া করে ধরে ঘরের ভেতর আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয়রা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ইমনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
তিনি আরও জানান, জোড়া হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।