সারাদেশ
পাটলাই নদীতে নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক তালহা আহমেদ অভি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা আহমেদ অভির চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
পরে বিকেলে সুলেমানপুর এলাকায় চাঁদা দাবির সময় স্থানীয়রা তালহাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক হাসনাত চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।