ক্যাম্পাস
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও জানান তিনি।
পোস্ট দেওয়ার পরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, সংগঠনের প্রতি তার শতভাগ আনুগত্য রয়েছে। তার দেওয়া পোস্টকে কেন্দ্র করে সংগঠন থেকে কোনো শোকজ করা হলে নিয়ম অনুযায়ী তিনি এর যথাযথ জবাব দেবেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং সারা বিশ্বেই তেলের দাম বেশি। বাংলাদেশ সরকার অনেক দিন জ্বালানি তেলের দাম কমায়নি। পরে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে। মূলত বিষয়টির একটি ব্যাখ্যা তুলে ধরেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন।
উল্লেখ্য, রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।