রাজনীতি
অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: দাবি রিজভীর
বিশ্ববাজারে নানা অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম রাখা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম রাখা হয়েছে। জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ২১ সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তার অভিযোগ, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। অগ্নিকাণ্ড ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির পেছনে কোনো পরাজিত শক্তি কলকাঠি নাড়ছে কি না, তা নিয়ে সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী জানান, রাজনৈতিক কর্মসূচি জোরদারের অংশ হিসেবে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে তৎপরতা বাড়াবে।
একই সঙ্গে জ্বালানি সংকট নিয়ে শুধু সরকারের সমালোচনা না করে কীভাবে কম দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিরোধীদের গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।