সারাবিশ্ব

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি মারা গেছেন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি মারা গেছেন
ছবি: সংগৃহীত

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি আর নেই। সোমবার, ২০ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর প্রকাশের পর শোক প্রকাশ করেছেন অনেকে। একই সঙ্গে কাবা শরিফে তার দেওয়া ফজরের আজান ও তাকবিরের অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ইব্রাহিম আল মাদানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জানাতে থাকেন অনেকে। মসজিদুল হারামে তার দেওয়া আজান ও তাকবিরের বিভিন্ন অডিও রেকর্ডিং এবং ভিডিওও ছড়িয়ে পড়ে। তার নামের একটি হ্যাশট্যাগও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শেখ ইব্রাহিম আল মাদানি মসজিদুল হারামের ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য ছয়জন করে মুয়াজ্জিন পালাক্রমে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ফজরের নামাজের প্রথম আজান দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকে।

ফজরের আজান ও তাকবির পাঠের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন শেখ ইব্রাহিম আল মাদানি। মসজিদুল হারামে নির্ধারিত স্থান থেকে ইমামের তাকবির পুনরাবৃত্তি করে তা মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করতেন তিনি।