জাতীয়
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার
চাকরি থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
সোমবার, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পৃথক প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এটিইউয়ের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।
চাকরি থেকে পলায়নের অভিযোগের পর তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।