জাতীয়
সন্তানের বিপথগামী হওয়া ঠেকাতে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
সন্তানদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে তাদের শিক্ষাজীবন ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তান সন্ধ্যার পর কোথায় থাকে, কলেজ ছুটির পর কোথায় যায় এবং কার সঙ্গে সময় কাটায়—এসব বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখা জরুরি। পরিবারের পক্ষ থেকে যথাযথ নজরদারি থাকলে সন্তানদের বিপথে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক মূল্যবোধ ও আদর্শিক শিক্ষা একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
দেশকে বিশ্বদরবারে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের নবীন ও তরুণরাই আগামী দিনের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের অবশ্যই নীতি, নৈতিকতা ও দেশপ্রেমের পথে থাকতে হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে প্রতিনিয়ত অনেক পরিবার ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের দিকে যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে পরিবারকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জাতি গঠনে পরিবার, সমাজ, শিক্ষক এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। পরে তিনি আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া তিনি স্বেচ্ছাধীন অনুদান বিতরণ করেন।