জাতীয়

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ছয় লেনের কাজ: বাণিজ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ছয় লেনের কাজ: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ আগামী ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নির্মাণকাজের অগ্রগতির কারণে এর নতুন অবয়ব দৃশ্যমান হতে শুরু করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানসহ সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

ঢাকা-সিলেট মহাসড়কের প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহাসড়কটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত বিদ্যমান সড়কটিকে নতুন চার লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে।

সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান সংযোগের ঘাটতি দূর করে উন্নত ও কার্যকর রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সিলেট অঞ্চলে উৎপাদিত পণ্য দ্রুততম সময়ে চট্টগ্রাম বন্দরে পরিবহনের সুযোগ তৈরি হবে।

ব্যবসা সহজীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নতুন কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের ক্লিয়ারেন্স, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং মেশিনারি আমদানির জন্য এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার কাজ চলছে। এসব প্রক্রিয়ায় বর্তমানে যে দীর্ঘ সময় লাগে, তা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

সিলেটের শিল্প খাতের বিকাশেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের প্রসারে দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমির ওপর নতুন একটি বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরই এর উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

নগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরের নিরাপত্তা আরও জোরদার করতে সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) যৌথ উদ্যোগে ড্রোন, ফেস রিকগনিশন এবং ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি সেবার আধুনিকায়ন এবং দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সেবাকে আরও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)সহ বিভিন্ন সরকারি সেবায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টভিত্তিক অনলাইন যাচাই ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সিলেটের তরুণ ও ফ্রিল্যান্সারদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে শিগগিরই সিলেটে আন্তর্জাতিক মানের একটি ‘এআই ট্রেনিং সেন্টার’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক, প্রশাসনিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।