জাতীয়
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় যুক্ত করতে হবে: হাবিবুর রশিদ
জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ের ম্যাস্টিক ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান মেলা পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, “বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি কৌতূহলকে জ্ঞানে, জ্ঞানকে চিন্তায় এবং চিন্তাকে উদ্ভাবনে রূপান্তরের একটি মহৎ আয়োজন।”
তিনি বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, শিল্প, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ-প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রিয় বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান ক্লাব, বিজ্ঞানবিষয়ক সেমিনার ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার উদ্যোগ চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানাগারগুলোর ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষা যেন শুধু পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
ম্যাস্টিক ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজিত বিজ্ঞান মেলার প্রশংসা করে তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক বিজ্ঞানচর্চার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জনই নয়, বরং নিজেদের চিন্তা, সৃজনশীলতা, কল্পনা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে।”
শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, “তোমরা আজ যে ছোট ছোট বিজ্ঞান প্রকল্প তৈরি করেছ, সেগুলোই ভবিষ্যতে বড় উদ্ভাবনের ভিত্তি হতে পারে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি হবে। তাই নিজেদের কখনো ছোট করে দেখবে না। আজকের ছোট বিজ্ঞানীরাই আগামী দিনের বড় উদ্ভাবক হতে পারে।”
তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট উদ্ভাবনী চিন্তা ও প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ কার্যক্রম চলমান রয়েছে। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।
প্রতিমন্ত্রী জানান, ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ কর্মসূচিতে নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬ এবং বিভাগীয় পর্ব ৩০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচিত সেরা উদ্ভাবকদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি স্টার্টআপের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনবে। বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।”
সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, “তোমরা শুধু ভালো ফলাফল করার স্বপ্ন দেখবে না; ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখবে। দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখবে। এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ আমাদের।”
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফেরদৌসী সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইয়াহিয়া বাবু, বশিরুল আলম ফারুক, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সাঈদ উদ্দীন সুমন, পারভীন সুলতানা, কাজী মুনমুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।