জাতীয়
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। আর এই উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার কথা জানিয়েছে সরকার।
শনিবার দুপুরে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে একদিকে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে এটি দেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন, কার্বন ক্রেডিট, সরকারি প্রণোদনা এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি, খুলনা বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন ভবনের অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ বাড়বে। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।