জাতীয়

ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণের সত্যিকার ভোটের প্রতিফলনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয়েছে। জনগণই সরকারের মূল শক্তি। তাই গুটিকয়েক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না।

শনিবার (তারিখ) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঘোড়াশাল পৌরসভা ও ডাঙ্গা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, সম্প্রতি মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ড. আব্দুল মঈন খান বলেন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী সত্যের পরিবর্তে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যা প্রচার বা অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গ্রামের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং আইনের শাসনে বিশ্বাস করে। তবে কেউ যদি আইন ভঙ্গ করে বা আইনের অপব্যবহার করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, এসব উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।