জাতীয়
চাপে নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহাদী আমিন
কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়েই বোয়িং কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।
রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. মাহাদী আমিন বলেন, বোয়িং কেনার বিষয়টি বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। দুই দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে আগে থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে এবং এতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বাইরে আরও ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের স্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দেশের জ্বালানি, রোহিঙ্গা সমস্যা ও অর্থনৈতিক সংকট সমাধান নিয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও দেশের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও আলোচনা হয়েছে।
ড. মাহাদী আমিন বলেন, স্বল্প সময়ের এই সফরের মাধ্যমে বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকারপ্রধান বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতের কথা উঠে এসেছে, যা বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেননি, বিশ্ব শান্তির কথাও বলেছেন। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশি প্রতিনিধিদল অধিবেশন থেকে বের হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।