জাতীয়

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে
ছবি: সংগৃহীত

অক্টোবরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে শুধু একদিনের ছুটি নিতে পারলেই এই দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে ওই দিন ছুটি নিতে পারলে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানো সম্ভব হবে।

সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত ছুটির দিনেও চালু থাকে।

অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। গণমাধ্যমসহ কিছু প্রতিষ্ঠানের কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্বে থাকতে হয়।

তাই দুর্গাপূজায় সরকারি ছুটি দুদিন থাকলেও সব শ্রেণি ও পেশার মানুষের জন্য একইভাবে ছুটি কার্যকর হবে না।