জাতীয়

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিন ভূমিকম্প, কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিন ভূমিকম্প, কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা
ছবি: সংগৃহীত

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেশী মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়ায় আশপাশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রথম ভূমিকম্পের মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় এর উৎপত্তি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। এ সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।

স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।