জাতীয়

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দুই দিন পর সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে প্রকাশ্য এমন বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন মো. আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান।

কমিটি বিলুপ্তির দুই দিন পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আমিনুল হককে আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেন ওসি নোমান হোসেন।

পোস্টে তিনি আমিনুল হককে সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তরের জনগণ তাকে আবারও বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চান বলে দাবি করেন।

ওসি আরও লেখেন, সরকারি দায়িত্ব পালনের পরও আমিনুল হক ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

ওসির এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি দায়িত্বে থেকে রাজনৈতিক দলের কমিটি নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার সমালোচনা করেন অনেকে। কেউ কেউ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। তবে পোস্টটির পক্ষে মন্তব্য করেছেন এমন ব্যক্তিও রয়েছেন।

এ বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ওসির ফেসবুক পোস্টটি তিনি দেখেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনাটি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের খবর পাওয়ার পর শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওসি নোমান তার ফেসবুক পোস্টটি মুছে দেন বলে জানা গেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের কাছে পোস্টটির তথ্যপ্রমাণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে শিগগিরই নতুন কমিটি গঠনের কথা জানায় দলটি। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।