জাতীয়
জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি
জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। ওই সময় পুলিশের কার্যক্রম ব্যাহত হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দেয়। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছিল। তবে জনগণের সহযোগিতায় পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আইজিপি।
দুর্গাপূজা উদ্যাপনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা চলছে। এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রশংসা করেন তিনি।
আইজিপি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষ একই সমাজের অংশ। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে পুলিশকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন আইজিপি।
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, মা দুর্গার অসুরবধ অন্যায়, অবিচার, বৈষম্য ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এই শিক্ষাকে নিজেদের কর্মকাণ্ডে প্রতিফলিত করতে হবে।
এ সময় পূজামণ্ডপকেন্দ্রিক কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা গুজব ছড়িয়ে পড়লে তা যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এসব তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস করা বা প্রচার করা উচিত নয়। গুজবের কারণে যাতে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আইজিপি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।