জাতীয়
মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পশ্চিমবঙ্গের কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উড়োজাহাজে থাকা রোগীর স্বজনরা সাহসিকতার সঙ্গে দরজাটি ধরে রাখেন। পরে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ছোট আকারের এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন।
জরুরি অবতরণের পর অসুস্থ রোগী অঞ্জনা ভৌমিককে দ্রুত ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এটি ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। বাংলাদেশের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ছোট উড়োজাহাজটির দরজা খুলে যায়। পরে উড়োজাহাজটি ঢাকার নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়। ঢাকায় অবতরণের পর রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন পূন্য অনূপ ও ক্যাপ্টেন তনুজ শর্মা। রোগীসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন আরোহী ছিলেন।
আরোহীদের মধ্যে ছিলেন রোগী অঞ্জনা ভৌমিক, তার দুই স্বজন শান্তা ভৌমিক ও দ্বীপ জয়তি মুশরিপ, চিকিৎসক ডা. ফিরোজ খান এবং প্যারামেডিক আজিম খান।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটে থাকা অন্যরা সুস্থ আছেন। এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট হওয়ায় আরোহীদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে পাঠানো হবে।