রাজনীতি

শেখ সোহেলের ‘মামা’ আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

শেখ সোহেলের ‘মামা’ আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার
শেখ সোহেলের সঙ্গে কাজী ফয়েজ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর খালিশপুর থানা শাখার সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

খুলনা ডিবি পুলিশ জানায়, ঢাকায় অভিযান চালিয়ে মহানগর ডিবির সহযোগিতায় কাজী ফয়েজকে আটক করা হয়। পরে তাকে খুলনায় নিয়ে আসা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর কাজী ফয়েজ মাহমুদকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। নাশকতা ও দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বিসিবির সাবেক পরিচালক ও যুবলীগ নেতা শেখ সোহেলের কথিত মামা হিসেবে পরিচিত ছিলেন কাজী ফয়েজ। শেখ সোহেলের অন্যতম ঘনিষ্ঠ এই ফয়েজ দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।