রাজনীতি

আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে পক্ষাঘাতসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে গত ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নিবিড় চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা তোফায়েল আহমেদ জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ ছিলেন।

ভোলা জেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তোফায়েল আহমেদ তৎকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। সেই সময় ঢাকার ঐতিহাসিক জনসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি ঘোষণা করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনীর চার প্রধান সংগঠকের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ভোলা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে দুই দফায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে বিভিন্ন সময়ে কারাবরণও করতে হয়েছে তাকে। ১৯৭৫ সালের পর টানা ৩৩ মাসসহ একাধিকবার কারাগারে ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।