রাজনীতি
জামায়াতসহ ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ বিকেলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার শেষ পর্যায়ে পৌঁছেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দীর্ঘ আলোচনা ও ধারাবাহিক বৈঠকের পর আজ বুধবার জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠক শেষে বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
জোট সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে আসন বণ্টন ও সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফলে আজকের যৌথ বৈঠকেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব আসন নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা ছিল, সেগুলো নিয়েও সমাধানের পথে আলোচনা এগিয়েছে। সব দলের মতামত সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শেষ মুহূর্তের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেসব বিষয়ে জটিলতা বা দ্বিধা ছিল, সেগুলোও ধীরে ধীরে কাটছে। তিনি জানান, আজ শীর্ষ নেতাদের বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে কোন দল কতটি আসনে প্রার্থী দিচ্ছে—সে বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক জোটগুলোর মধ্যে আসন সমঝোতা ও প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আজকের ঘোষণার দিকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।