রাজনীতি
ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত: শফিকুর রহমান
যেভাবে ভোট হয়েছে, ফলাফলে যদি একই ধারা থাকে, জামায়াত মেনে নেবে। আর কোনো দল মানুক না মানুক, জামায়াত মানবে—এমন ঘোষণা দিয়েছেন দলের আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে ভোট গণনার সময় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তার ভাষ্য, নানা শঙ্কা ছড়ানো হলেও বড় ধরনের কোনো কেলেঙ্কারি ঘটেনি। সমাজে চলতে গেলে কিছু বিচ্ছিন্ন ভুলভ্রান্তি হতে পারে, তবে সামগ্রিকভাবে নির্বাচন ইতিবাচক ছিল।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন এবং সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে তারা ভূমিকা রেখেছেন। নির্বাচনী ব্যবস্থাপনায় সম্পৃক্তদেরও তিনি কৃতিত্ব দেন।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আলাদা ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের বলেন, কিছু অনিয়ম থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু ও উপভোগ্য হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশন ও সরকারের কিছু দুর্বলতা ছিল এবং বিচ্ছিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অর্থবহ হয়ে উঠেছে। শহরাঞ্চলের অনেক ভোটার গ্রামে গিয়ে ভোট দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শরীয়তপুর-২, কুমিল্লা-৮, পটুয়াখালী-১সহ কয়েকটি আসনের কিছু কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা, হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয় তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, যদিও কিছু স্থানে সমস্যা থেকে গেছে।
বুধবার থেকে গণমাধ্যমে নানা আশঙ্কা ও ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রসঙ্গ উল্লেখ করে যোবায়ের বলেন, সব শঙ্কাকে ছাপিয়ে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নির্বাচনকে অর্থবহ করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আবদুল হালিম এবং এনসিপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিনসহ অন্য নেতারা।